গত ৩ বছরে ৩ হাজার কোটি ডলার দিয়েছে ইউটিউব

২৫ আগষ্ট, ২০২১ ১৯:৪৭  
করোনায় ইউটিউবমুখী হয়েছেন নেটিজেনরা। এর ফলে ইউটিউব এখন অনেকেরই জীবিকা নির্বাহের মাধ্যম হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে পার্টনার প্রোগ্রামে নতুন চ্যানেল যুক্ত হওয়ার হার ছিল দ্বিগুণের বেশি। কমপক্ষে এক লাখ ডলার আয় করে, এমন চ্যানেলের সংখ্যা বেড়েছে ৩৫ শতাংশ। সব মিলিয়ে প্ল্যাটফর্মটি থেকে আয় করা চ্যানেলের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এক ব্লগ পোস্টে এই তথ্য দিয়েছেন ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নীল মোহন। তবে এই ২০ লাখের মধ্যে কতগুলো চ্যানেল এক লাখ ডলার আয় করে সেই সংখ্যাটি উল্লেখ করেননি তিনি। নীল মোহন বলেছেন, ‘নির্ভরযোগ্য ভিডিও নির্মাতাদের আর্থিকভাবে পুরস্কৃত করার নতুন উপায় খুঁজে বের করা এবং তাদের ব্যবসা এগিয়ে নিতে সাহায্য করা আমাদের কাছে সব সময় অগ্রাধিকার পায়। গত তিন বছরে আমরা নির্মাতা, শিল্পী এবং মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে তিন হাজার কোটি ডলারের বেশি পরিশোধ করেছি।’ ‘পার্টনার প্রোগ্রাম’ নামের কর্মসূচির মাধ্যমে নির্মাতাদের অর্থ পরিশোধ করে থাকে ইউটিউব।